রাজনীতির নানা মারপ্যাঁচ
রাজনীতি একটি বহুমুখী শব্দ। এর আভিধানিক অর্থ রাজ্য বা রাষ্ট্রপরিচালনার কৌশল। গ্রিক শব্দ ‘পলিটিকোস’ থেকে ইংরেজিতে ‘পলিটিক্স’। বাংলায় যেটাকে আমরা রাজনীতি বলে থাকি। যার অর্থ হলো প্রজাদের ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করার নিয়ম—নীতি। যা ঐক্যমতের ভিত্তিতে দেশনায়ক রাজনীতিবিদগণ গ্রহণ করে থাকেন। আর এর সহজ এবং ছোট্ট অর্থ হলো সমাজসেবা। এটা বাস্তবায়নের জন্য সবচেয়ে উপযুক্ত ও কার্যকর পন্থা হচ্ছে একটি সংগঠন। অর্থাৎ রাজনৈতিক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ঐ সেবাটা নিশ্চিত করা অধিকতর সহজ। রাষ্ট্রের মূলনীতি অনুযায়ী রাজনীতি মূলত নগর ও সমাজ পরিচালনার এক অহিংস পদ্ধতি। একাডেমিক ও ব্যবহারিক ক্ষেত্রে এটি ইতিবাচক অর্থেই ব্যবহৃত হয়। সরকারবিষয়ক বিজ্ঞান হিসেবেও এটি ব্যবহৃত হতে পারে।